মুখপাত্রের সন্ধানে প্রদেশ কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক : পুজোর মুখে দলের মুখপাত্রর সন্ধানে প্রদেশ কংগ্রেস!!  চলছে ম্যারাথন সাক্ষাৎকার। একের পর এক  ধাপ পেরিয়ে কারা এই দায়িত্ব পাবেন, তা চূড়ান্ত হবে ২২ সেপ্টেম্বর।

বহুদিন ধরেই রাজ্যে টিমটিম করে জ্বলছে শতাব্দী প্রাচীন এই দল। ক্ষমতার অলিন্দ থেকে বহু দূরে তারা। তবু হাল ছাড়তে নারাজ হাই কমান্ড। মূলত তাদের নির্দেশ কার্যকর করতে এবার কোমর বেঁধে নেমেছেন দলের রাজ্য নেতৃত্ব। আপাতত মুখপাত্র হওয়ার দৌড়ে প্রথম ধাপ পেরিয়েছেন ৭০ জন। চলছে আরও ঝাড়াই বাছাই এর পালা।

আগামী ২২ সেপ্টেম্বর দলের সদর দফতর বিধান ভবনে এর চূড়ান্ত বাছাই পর্ব হবে। ঘটনাচক্রে আগামীকাল প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বর্ষ পুরণ হচ্ছে শুভংকর সরকার-এর। ইতিমধ্যে দলকে চাঙ্গা করতে নানা উদ্যোগ নিয়েছেন তিনি। আশা, আগামী বছর বিধানসভা নির্বাচন-এ ভাল লড়াই দেবেন। কংগ্রেসের মত দলের মুখপাত্র হওয়ার জন্য এত জনের আগ্রহ দেখেও খুশি তাঁরা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তে ভাল বলিয়ে কইয়ে মুখপাত্রের যে  প্রয়োজন আছে তা অনুধাবন করেছেন তাঁরাও। বিশেষত তরুণদের আগ্রহ তাঁদের অনেকটাই উৎসাহিত করেছে।

মিতা চক্রবর্তী-সহ পনের জনের এক দল এই সাক্ষাৎকার নিচ্ছেন।

আর্থিক সমস্যার দরুণ আপাতত মুখপাত্রদের কোন ভাতা দেওয়া হবে না। মূলত কংগ্রেসের প্রতি ভালোবাসা, নিষ্ঠা, অনুরাগ যাঁদের আছে, তাঁরা যাতে এগিয়ে আসেন, এর ওপর গুরুত্ব দিচ্ছে দল। কোনও কর্পোরেট শক্তি না, দলের প্রতি অকুন্ঠ অনুরাগই চান তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*