রোজদিন ডেস্ক, কলকাতা:- জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে ফের বড়সড় অভিযান সেনার। অপারেশন সিঁদুরের মাঝেই মঙ্গলবার সোপিয়ানে অভিযান চালিয়ে এক জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী। পাশাপাশি গুলির লড়াই চলছে আরও দুই জঙ্গির সঙ্গে। এরা লস্কর ই তইবার সদস্য বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে পুলিশের তরফে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে উপত্যকাজুড়ে লাগাতার অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। সন্ত্রাসযোগের অভিযোগে শতাধিক সন্দেহভাজনকে গেপ্তার করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি খতম করা হয়েছে একাধিক জঙ্গিকে। মঙ্গলবার সোপিয়ানের জিনপাথের কেল্লের জঙ্গলঘেরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির গোপন খবর পেয়ে গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। এই অবস্থায় পিছু হঠার জায়গা না পেয়ে মরিয়া হয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর এক লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই অঞ্চলে লুকিয়ে থাকা আরও দুই জঙ্গির সঙ্গে গুলির লড়াই চলছে বাহিনীর।
প্রসঙ্গত, পহলগাঁওয়েো জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর জম্মু ও কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। হামলায় যুক্তরা পাকিস্তানে পালিয়ে গিয়ে থাকতে পারে বলে অনুমান। প্রত্যাঘাত হেনে পাকিস্তানের পঞ্জাব ও পাক অধিকৃত কাশ্মীরে মোট ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এতে প্রায় ১০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে লস্কর ও জইশের বেশ কয়েক জন শীর্ষ নেতা রয়েছে।

Be the first to comment