রোজদিন ডেস্ক : ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবীদের মারধর ও হেনস্থার প্রতিবাদে এবার মহানগরীর রাজপথে আইনজীবীরা। সোমবার একদিকে অবস্থান অন্যদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ, মিছিলে সামিল হলেন আইনজীবীরা। গত সপ্তাহে ব্যাঙ্কশাল আদালত চত্বরে আইনজীবীদের মারধরের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার প্রায় ৬ ঘণ্টা পথ অবরোধ করে রাখেন ব্যাঙ্কশাল আদালতের আইনজীবীরা। হেয়ার স্ট্রিট ও কাউন্সিল হাউস স্ট্রিটের মোড় থেকে স্ট্র্যান্ড রোডের মিলেনিয়াম পার্ক সংলগ্ন এলাকা-সহ এর জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা। এর জেরে বিবাদী বাগ চত্বরেও তীব্র যানজট তৈরি হয়। দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থাকা গাড়িচালক ও যাত্রীদের সঙ্গে পুলিশের বচসা বাধে। দ্রুত রাস্তা খালি করার দাবি জানান তাঁরা। পরে কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারকের সঙ্গে আইনজীবী সংগঠনের প্রতিনিধিদের আলোচনায় অবস্থান ওঠে। শুধু ব্যাঙ্কশাল নয়, এদিন হাইকোর্টেও আইনজীবীদের একাংশ বিক্ষোভ মিছিল করেন। দুদিন আগে আইনজীবী শামিম আহমেদের গাড়িতে হামলা ও ব্যাঙ্কশাল আদলাতের ঘটনায় মিছিল শুরু হয় হাইকোর্টের প্রধান গেট থেকে। তা গিয়ে শেষ হয় ব্যাঙ্কশাল আদালতে। অভিযোগ, বারবার আদালত চত্বরেই আইনজীবীরা আক্রান্ত হচ্ছেন। নিরাপত্তা ও প্রতিকারের দাবিতে এদিন হাইকোর্ট, ব্যাঙ্কশাল, শিয়ালদহ এবং হাওড়া আদালতেও বিক্ষোভ কর্মসূচি হয়। আইনজীবীদের প্রশ্ন, আদালত যদি আইনজীবীদের কাছেই নিরাপদ না হয়, তাহলে বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলের নিরাপত্তা নিশ্চিত হবে কীভাবে?

Be the first to comment