রোজদিন ডেস্ক : মধ্য প্রাচ্যের সংঘাতের আবহে দেশে গ্যাস সঙ্কটের মোকাবিলায় অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর করলো কেন্দ্রীয় সরকার। ঘরোয়া রান্নার গ্যাসের সরবরাহ জারি রাখা এর মূল লক্ষ্য।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার তেল শোধনাগার ও বেসরকারি পেট্রোরসায়ন সংস্থাগুলিকে তরল পেট্রোলিয়াম গ্যাসের উৎপাদন বৃদ্ধি করতে বলেছে। এর আগে গ্যাস বুকিং নিয়েও কিছু বদল এনেছে কেন্দ্র। তেল শোধনাগারগুলি পূর্বে জারি করা নির্দেশাবলী অনুসরণ করে এলপিজি উৎপাদন প্রায় ১০% বৃদ্ধি করেছে।
গত ২০২৪-২৫ আর্থিক বছরে দেশে ৩১.৩ মিলিয়ন টন এলপিজি ব্যবহার করা হয়। এরমধ্যে দেশে উৎপাদন হয়েছিল ১২. ৮ মিলিয়ন টন।বাকি গ্যাস আমদানি করা হয়।
মধ্য প্রাচ্যে সংঘাতের প্রেক্ষিতে ঘরোয়া গ্যাসের দাম সিলিন্ডার প্রতি এক লপ্তে ৬০ টাকা বাড়িয়েছে তেল সংস্থাগুলি। যা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
বাণিজ্যিক গ্যাসের জোগানে টান পড়ায় মুম্বাই-এ বহু রেস্তোরাঁ বন্ধ হয়েছে। প্রায় একই পরিস্থিতি বেঙ্গালুরু, চেন্নাইতে হোটেল রেস্তোরাঁ মালিকরা উদ্বিগ্ন।
এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র অত্যাবশ্যক পণ্য আইন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

Be the first to comment