জ্ঞানেশকুমারকে লক্ষ্য করে বিক্ষোভ, দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে দেখানো হল কালো পতাকা, উঠল গো ব্যাক শ্লোগান

Spread the love

রোজদিন ডেস্ক : সোমবার সকালে কালীঘাট মন্দির দর্শন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁকে কালো পতাকাও দেখানো হয়। অভিযোগ, এর পিছনে ছিল তৃণমূল কর্মী, সমর্থকরা। তৃণমূল অবশ্য এর গোটা দায়টা ঠেলে দিয়েছে নাম বাদ পড়া ভোটারদের ওপর। তাঁদের দাবি, এসআইআরে বিরক্ত হয়েই মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। সোমবারের পর মঙ্গলবারও সেই একই ছবি দেখা গেল। এদিন সকালে বেলুড় মঠে পুজো দিতে চান তিনি। সেখান থেকে বেরিয়ে যান দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানেই জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়। ওঠে গো ব্যাক স্লোগান। যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও কড়া হাতে পরিস্থিতি সামাল দেয় কর্তব্যরত পুলিশ ও জ্ঞানেশ কুমারের নিরাপত্তারক্ষীরা। বিক্ষোভ নিয়ে তিনি অবশ্য খুব একটা মাথা ঘামাতে নারাজ। তবে এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ যাতে ভালো ভাবে ভোট দিতে পারেন এই জন্যই তাঁর আসা। হিংসামুক্ত ভোট করাতে কমিশন যে বদ্ধপরিকর তাও জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনার। মঙ্গলবার এদিন সকালে তিনি বেলুড় মঠে যান। মঠ পরিদর্শনের পর মহারাজদের সঙ্গে কথাও বলেন। কথা বলেন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজের সঙ্গেও। প্রায় ৪৫ মিনিট বেলুড় মঠে কাটিয়ে বেরিয়ে তিনি বলেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর পূণ্যভূমি পশ্চিমবঙ্গ। এখানে হিংসামুক্ত বিধানসভা নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেখান থেকে যান দক্ষিণেশ্বর মন্দির। মন্দিরে ঢোকা এবং বেরনোর সময় তাঁকে কালো পতাকা দেখানো হয়। ওঠে গো ব্যাক স্লোগান। তাঁদের অভিযোগ, এসআইআর করে তালিকা থেকে অযথা বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*