রোজদিন ডেস্ক : লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় বিরোধী মহলে ফাটল ধরানোর প্রয়াস নিলেন পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু। আজ এই বিষয়ে তিনি দাবি করেন, অন্তত ৫০ জন বিরোধী সাংসদ অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা নিয়ে তাঁর কাছে অসন্তোষ ব্যক্ত করেছেন।
বিরোধী নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, সংসদে অধ্যক্ষর অনুমতি ছাড়া কেউ বক্তব্য রাখতে পারেন না৷ অথচ বিরোধী নেতা এই অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বলেন।
উল্লেখ্য, বাজেট অধিবেশনে রাহুল গান্ধীকে প্রাক্তন সেনাপ্রধান এম নারাভানের লেখা পড়তে না দেওয়ায় উত্তাল হয় লোকসভা। অধ্যক্ষর বিরুদ্ধে পক্ষপাতিত্বর অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। এই আলোচনার জন্য দশ ঘণ্টা সময় বরাদ্দ হয়েছে।
অধ্যক্ষ এই প্রস্তাব আনার পর থেকেই তাঁর আসনে বসছেন না। আজ প্রবীণ বিজেপি সাংসদ জগদম্বিকা পাল সভা পরিচালনা করেন।
কংগ্রেসের সি বেণুগোপাল এই সরকারের আমলে গত এগারো বছর উপাধ্যক্ষ পদে কেউ না থাকায় ক্ষোভ ব্যক্ত করেন।
এই দলের গৌরব গগৈ বলেন, ব্যক্তি ওম বিড়লার সঙ্গে তাঁদের কোন বিরোধ নেই, সুসম্পর্ক ই আছে, কিন্তু ওঁর পক্ষপাতিত্ব আচরণের তাঁরা বিরোধী।

Be the first to comment