প্রতিবেদন: সরকার আসে, যায়, কিন্তু শহরের ফ্লাইওভারগুলিতে দুর্ঘটনায় প্রাণহানি বন্ধ হয় না। পুলিশ, প্রশাসনের তরফে হাজার রকম নজরদারির কথা বলা হলেও পরিস্থিতি যে কিছুই বদলায় না তা ফের প্রমাণিত হল মহেশতলার সম্প্রীতি ফ্লাইওভারে (MAHESHTALA FLYOVER)। বৃহস্পতিবার সন্ধ্যার পর সম্প্রীতি ফ্লাইওভারে গতির বলি হলেন এক বাইকচালক। ঘটনায় জখম আরও এক গাড়িচালক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের নাম প্রণব সামন্ত (২১)। তিনি বেহালার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক ও একটি চারচাকার মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়ির গতিই খুব বেশি ছিল। যার জেরেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা। বৃহস্পতিবার সন্ধেয় মোল্লার গেটের কাছে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটে। এর জেরে যান চলাচলও ব্যাহত হয়। জানা গিয়েছে, চারচাকা গাড়িটি মহেশতলার দিক থেকে তারাতলার দিকে যাচ্ছিল। আর বাইকটি তারাতলার দিক থেকে মহেশতলার দিকে যাচ্ছিল। বাইকের গতি অনেক বেশি ছিল বলে অনুমান পুলিশের। মোল্লার গেটের কাছে আচমকাই বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বাইক আরোহী। আহত হন চারচাকার চালকও। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। দু’জনকে উদ্ধার করে স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন।

Be the first to comment