এসআইআর : বিজেপির ষড়যন্ত্রের প্রতিবাদে পথে তৃণমূলনেত্রী, থাকছেন অভিষেকও

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করেছে বিজেপি। এর প্রতিবাদে আগামী মঙ্গলবার শহরের রাজপথে নামছেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে মিছিলে হাঁটবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা ও কর্মীরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, ৪ নভেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার যেদিন থেকে বিএলও-রা এসআইআরের কাজ শুরু করবেন, ওইদিনই এসআইআরের প্রতিবাদে পথে নামছেন তৃণমূলনেত্রী। সূচি অনুযায়ী ওইদিন দুপুর দেড়টায় ধর্মতলার গান্ধি মূর্তি থেকে তৃণমূলের মেগা মিছিল শুরু হবে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই মিছিলে মমতা-অভিষেকের সঙ্গে হাঁটবেন দলের নেতা, কর্মী, সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা।

গোড়া থেকেই এসআইআরের বিরোধীতা করে এসেছে তৃণমূল। এবার পথে নেমে সেই প্রতিবাদকে আরও সংগঠিত করতে চায় তৃণমূল নেতৃত্ব। বাংলা-সহ দেশের ১২ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে কমিশন। তৃণমূলের আশঙ্কা, এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হতে পারে। রাজনৈতিক ভাবে না পেরে এখন এভাবে তৃণমূলকে হারানের ফন্দি এঁটেছে গেরুয়া শিবির। এটাই বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ তৃণমূলের। এই নিয়ে আম জনতাকে সতর্ক করে আগামী ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে এসআইআর হেল্পডেস্ক চালু করছে তৃণমূল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*