রোজদিন ডেস্ক, কলকাতা:- আগেই ঘোষণা করা হয়েছিল, ‘বাংলার বাড়ি’ প্রকল্পে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। সেইমতো মঙ্গলবার আবাস যোজনায় রাজ্যের ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পৌঁছোনোর কথা।
সোমবারই উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সূচিমতো মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন ভিডিওকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল। এদিন সেখান থেকেই দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকজন উপভোক্তার হাতে বাংলার বাড়ি তৈরির টাকার চেকও তুলে দেন তিনি।
এরপর মমতা ফের কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরে বলেন, ‘আবাসে ১ নম্বর থাকা সত্ত্বেও গত ৩ বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি, গরিবরা বঞ্চিত হচ্ছিলেন। আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম।’ তাঁর কথায়, ‘আমরা ভিক্ষে চাই না, ন্যায্য অধিকার চাই। তবে ওরা না দিলেও আমরা বাংলার মানুষকে বঞ্চিত হতে দেব না। আমরা কথা দিলে সেটা রাখতে জানি।’ বাকি ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর এই সফর রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কারণ বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। বুধবার উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই বৈঠকে উত্তরবঙ্গের সমস্ত জেলার প্রশাসনিক প্রতিনিধি উপস্থিত থাকবেন।

Be the first to comment