মমতার ফোনের পরই পাকিস্তান বিরোধী প্রতিনিধি দল থেকে ইউসুফ আউট, অভিষেক ইন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ইউসুফ আউট, অভিষেক ইন! সূত্র মারফৎ তেমন খবরই সামনে এসেছে। ‘অপারেশন সিঁদুর’ এবং পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে মুখোশ খুলতে বিশ্বের দরবারে প্রতিনিধি পাঠাচ্ছে ভারত সরকার। সেই প্রতিনিধি দলে তৃণমূলের তরফে যোগ দিচ্ছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেশ কিছুক্ষণ তাঁরা দু’জনে কথা বলেন। সংসদীয় দলে তৃণমূলের পক্ষ থেকে অভিষেক থাকবেন বলে ফোনেই রিজিজুকে বলেন মমতাই। এরই সঙ্গে রিজিজুর কাছে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল সুপ্রিমো বলেন, দলের নেতৃত্বকে না-জানিয়ে কীভাবে কেন্দ্র তৃণমূলের প্রতিনিধির নাম ঠিক করা হয়েছিল? এরপর দীর্ঘ আলোচনা চলে দু’জনের মধ্যে। অবশেষে অভিষেকের নাম মমতা বলতেই তা মেনে নেন রিজিজু। যদিও রিজিজুই ফোন করে সরাসরি যোগাযোগ করেছিলেন ইউসুফ পাঠানের সঙ্গে। তাঁর কাছে চেয়েছিলেন পাসপোর্ট সংক্রান্ত নথি। এই বিষয়টি তৃণমূল সুপ্রিমোর কানে যেতেই বিষয়টি রুখতে ময়দানে নেমেছিলেন তৃণমূলের সংসদীয় দলের প্রথম সারির নেতারা।
যদিও গতকাল মুখ্যমন্ত্রীর বলেছিলেন, ‘তৃণমূলের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন? সেটা অন্য কেউ তো ঠিক করতে পারে না। এখানে কেন্দ্রের পছন্দ নয়, দলের সিদ্ধান্তই মুখ্য হওয়া উচিত। যদি তারা অনুরোধ করে তাহলে নিয়ম মোতাবেক দলই সিদ্ধান্ত নেবে। তবে বিদেশ বিষয়ক যেকোনও ক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছি। সর্বদলীয় প্রতিনিধি দলে কাউকে না পাঠাতে চায়না তৃণমূল, এই যে একটা রটনা শুরু হয়েছে, তা একদম ভুল। বরং দল কাকে পাঠাতে চায়? তাঁর নাম চেয়ে কোনও অনুরোধ তৃণমূল কংগ্রেসের কাছে আসেনি।’ একই কথা বলেছিলেন অভিষেকও।
অন্যদিকে গতকাল রাতে বিদেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষ হওয়ার পর অভিষেক দিল্লিতে বলেছিলেন, ‘কেন্দ্র চাইলে এক ঘণ্টায় পাঁচ জনের নাম দিয়ে দেব। কিন্তু তা দল ঠিক করবে। অন্য কেউ নয়। কেউ কেউ বলছে তৃণমূল বয়কটের রাজনীতি করছে। না, আমরা বয়কটের রাজনীতি করছি না।’ অবশেষে মঙ্গলবার মমতার কাছে আনুষ্ঠানিক ভাবে অনুরোধ করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*