প্রতিবেদন: “সিজেপি-র আন্দোলন দেখেছেন, কিন্তু বাংলার ইয়ং বেঙ্গলের আন্দোলন, প্রতিবাদ এখনও আপনারা দেখেননি”। বৃহস্পতিবার ফেসবুক লাইভে (MAMATA BANERJEE LIVE) এসে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের চার মাসের বিজেপি সরকারকে এই ভাষাতেই হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। এদিন মমতা বলেন, পুলিশি অত্যাচার বন্ধ না হলে প্রয়োজনে দিল্লি যাব। বিজেপি নেতাদের বাড়ির সামনে ধরনা দেব। চিরদিন বিজেপি থাকবে না, মনে রাখবেন। এদিন ফেসবুক লাইভে রাজ্যের শাসক দল বিজেপি ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একযোগে তোপ দাগেন মমতা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি দাবি করেন, গেরুয়া শিবির নিজেদের ভিতরের রাজনৈতিক পরিকাঠামো নিজেরাই ধূলিসাৎ করছে এবং এর ফলে তাদের পায়ের তলার মাটি দ্রুত আলগা হয়ে পড়ছে। বিজেপির অভ্যন্তরীণ পরিস্থিতি ও দলত্যাগী বিধায়ক ঋতব্রত শিবিরকে লক্ষ্য করে কটাক্ষ করে মমতা প্রশ্ন তোলেন, আপনারা কি মনে করেন আপনাদের ওই হাতের পুতুলগুলিই একমাত্র বিরোধী, যারা আপনাদের পকেটে রয়েছে? বিজেপি নিজের দলের কর্মীদের ওপরই অত্যাচার চালাচ্ছে, আর সেই ক্ষোভ ঢাকতে এই সব পুতুলদের আগলে রাখছে। সুর চড়িয়ে তৃণমূল নেত্রী আরও বলেন, আপনারা সিজেপি র আন্দোলন দেখেছেন, কিন্তু বাংলার ইয়ং বেঙ্গল আন্দোলন কিংবা মা-বোনেদের প্রতিবাদ এখনও দেখেননি! প্রয়োজন পড়লে এই বিরোধিতার আঁচ এবার কলকাতা থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি আদানি গোষ্ঠীর প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করে বলেন, সাধারণ মানুষের টাকা অপচয় করা হচ্ছে এবং দেশজুড়ে ভুয়ো খবর ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সংবাদমাধ্যমের স্বাধীনতাও কেড়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
নতুন সরকারের চার মাস পূর্ণ হওয়া নিয়ে বলেন, চার মাস হয়ে গেল, তবুও ওদের ‘হানিমুন পিরিয়ড’ যেন শেষই হচ্ছে না! বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। পুলিশি অত্যাচার যেভাবে চলছে, এমন পরিস্থিতি আগে কখনও দেখেননি বাংলার মানুষ।

Be the first to comment