MAMATA BANERJEE: আইনজীবী শামিম আহমেদের ওপর আক্রমণ, তীব্র নিন্দা ও ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

প্রতিবেদন: সায়ন বন্দ্যোপাধ্যায়ের পর এবার আক্রান্ত আর এক আইনজীবী শামিম আহমেদ। ঘর ছাড়াদের ফেরাতে পশ্চিম মেদিনীপুর থেকে ফেরার পথে আইনজীবীদের গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন শামিম-সহ তিনজন আইনজীবী। ঘটনায় অভিযোগের তির বিজেপি আশ্রিত দূষ্কৃতীদের দিকে। এই ঘটনা সামনে আসতেই আক্রমণের তীব্র নিন্দা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন পশ্চিমবঙ্গে জঙ্গলরাজের ওপর আইনের শাসনকে জয়ী হতেই হবে। এক্স হ্যান্ডলে ঘটনার প্রতিবাদে তিনি লিখলেন —

“পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার কাছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্য অ্যাডভোকেট শমিম আহমেদের ওপর নৃশংস হামলা অত্যন্ত উদ্বেগজনক!
আমি জানতে পেরে হতবাক যে তাঁর অভিযোগ পর্যন্ত বদল করার জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির হস্তক্ষেপে শামিম নিরাপদে বাড়ি ফিরেছেন।

ব্যাঙ্কশাল কোর্ট এবং বারুইপুর কোর্টে আইনজীবীদের ওপর সাম্প্রতিক হামলাগুলিও সমানভাবে অবাঞ্ছিত।

পশ্চিমবঙ্গ ভয় দেখানো এবং জঙ্গলরাজের সংস্কৃতিকে প্রশ্রয় দিতে পারে না। রাজনৈতিক সহিংসতার ওপর আইনের শাসনকে জয়ী হতেই হবে। প্রত্যেক আইনজীবী, তাঁর রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ নির্বিশেষে, নির্ভয়ে তাঁর পেশাগত দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।

আমি বিজেপির গুন্ডাদের দ্বারা সংঘটিত এই ধরনের অত্যাচারের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আইনজীবীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর, নিরপেক্ষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*