রোজদিন ডেস্ক : রাজ্যের মসনদ খোয়ালেও অধিকাংশ পুরসভার নির্বাচিত বোর্ড এখনও তৃণমূলের দখলেই। কিন্তু ভোটে হারার পর প্রায় প্রতিদিনই নিয়ম করে একের পর এক বোর্ড থেকে তৃণমূলের চেয়ারম্যান বা কাউন্সিলররা দলে দলে পদত্যাগ করছেন। অভিযোগ, কোথাও তাঁদের ভয় দেখানো হচ্ছে। কোথাও রয়েছে অন্য কোনও প্রলোভন। সবমিলিয়ে গোটা পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের পক্ষে চরম উদ্বেগজনক। এই অবস্থায় আজ সোমবার, কালীঘাটের বাড়িতে উত্তর শহরতলির ৪টি বড় পুরসভা, দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম ও বরানগর পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলরদের বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ পুরসভাগুলির প্রত্যেক দলীয় পদাধিকারীকেও ওই বৈঠকে থাকতে বলা হয়েছে। এদের সঙ্গে থাকবেন সদ্য মনোনীত দমদম লোকসভা সাংগঠনিক জেলার সভাপতি তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিধায়ক, সাংসদদের পর তৃণমূলের দখলে থাকা জেলা পরিষদের পদাধিকারী ও সদস্যদের নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছেন মমতা। কলকাতা পুরনিগম নিয়েও বৈঠক হয়েছে। এবার জেলাস্তরে পুরসভা ধরে ধরে বসতে চলেছেন তৃণমূলনেত্রী।

Be the first to comment