রোজদিন ডেস্ক : সোমবার রাতেই গ্রেফতার হয়েছেন আইপ্যাক কর্তা ভিনেশ চান্দেল। রাতেই এই ঘটনায় গর্জে উঠেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পিংলার সভা থেকে এই গ্রেফতারির পর নতুন আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূলের বুথ এজেন্টরা যাতে ভোটকেন্দ্রে বসতে না-পারে, সেই কারণেই তাঁদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের এর জন্য প্যারালাল মেশিনারি বা বিকল্প ব্যবস্থা তৈরি রাখতে হবে। একজনকে গ্রেফতার করলে আর এক জন থাকবে। মা-বোনেদের এজেন্ট থাকবে। এদিন পশ্চিম মেদিনীপুরের পিংলায় কাচডিহা স্ট্যাক ইয়ার্ড মাঠের সভা থেকে এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবং কেন্দ্রের প্রার্থী মানস ভুঁইয়া এবং পিংলা কেন্দ্রের প্রার্থী অজিত মাইতির সমর্থনে এদিন জনসভা করেন তিনি।
তিনি আরও বলেন, আমি অনেকদিন রাজনীতি করছি। দীর্ঘদিন সাংসদ, কেন্দ্রে মন্ত্রী ছিলাম। কিন্তু বিজেপির মতো নোংরা গেম আর কখনও কাউকে খেলতে দেখিনি। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, তোমরা ভাবছ, নোংরা খেলা খেলবে? পারবে না, আমরা দুরন্ত খেলা খেলে তোমাদের পগার পার করব। উপস্থিত জনতাকে আশ্বস্ত করে বলেন, আমি আপনাদের জন্য সুপ্রিম কোর্ট অবধি গিয়েছি। রাস্তাতেও আছি। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম ভোটার তালিকায় তুলেই ছাড়ব, আজ না হোক কাল, কথা দিয়ে গেলাম। বিহারের মহিলাদের দেওয়া অনুদান নিয়ে তিনি বলেন, বিহারে বিজেপি বলছে সব ফিরিয়ে দাও। আর আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়ে কেড়ে নিই না। আর বিজেপি বিহারে মহিলাদের ভোটের আগে টাকা দিয়ে এখন বলছে, সব ফিরিয়ে দাও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, নয়ডা জ্বলছে। আর এখানে যোগীবাবু এসে বলছেন বাংলায় বুলডোজ়ার চলবে। এসব এখানে হবে না।

Be the first to comment