রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের উত্তপ্ত মণিপুর! মেইতেই গোষ্ঠীর নেতা আরামবাই টেংগোলের গ্রেপ্তারিকে কেন্দ্র করে নতুন করে এই রাজ্যে ছড়াল অশান্তি। এর জেরে রাজ্যের একাংশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। অশান্তি ছড়িয়ে পড়া থেকে রুখতে আগামী পাঁচ দিন মণিপুরের পাঁচ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত। একাধিক এলাকায় জারি করা হয়েছে কার্ফুও।
মণিপুর সরকার ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। শনিবার রাত ১১:৪৫ থেকেই লাগু হয়েছে এই নিষেধাজ্ঞা। এদিন রাতে মেইতেই গোষ্ঠীর নেতা আরামবাই টেংগোলেকে পুলিশ গ্রেপ্তার করতেই ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিমে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আপাতত ইন্টারনেট বাতিলের সিদ্ধান্ত। কুকি গ্রামের উপর হামলা চালানোর অভিযোগে মেইতেই আরামবাই টেংগোলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজবিরোধীরা ঘৃণা, হিংসা এবং উস্কানিমূলক ছবি ও ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অপব্যবহার করতে পারে। যা সম্ভাব্যভাবে রাজ্যের আইনশৃঙ্খলাকে ব্যাহত করবে। এই আশঙ্কা থেকেই ইন্টারনেট বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে।

Be the first to comment