রোজদিন ডেস্ক : মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন কলকাতায় বসে মহিলাদের জন্য মাতৃশক্তি ভরসা কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করল বিজেপি। দলের তরফে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বিজেপি নেতা ও প্রার্থী শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে বুধবার এই কর্মসূচির ঘোষণা করেন। এমসিসি চলাকালীন বিজেপির এই ঘোষণায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল। দলের তরফে শশী পাজাঁ বুধবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপির ওপর এমনিতেই আর কেউ ভরসা রাখতে পারছে না। প্রধানমন্ত্রীকে রোজই বলতে হচ্ছে, ভরসা কিজিয়ে। এই অবস্থায় তাঁরা এখন এই সব কার্ডের নামে বাংলার মহিলাদের প্রতারণা করছে। ওই কার্ডে কিছু টাকা পয়সা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শশী পাঁজা বলেন, স্মৃতি ইরানি, আপনি যাকে পাশে বসিয়ে মাতৃশক্তি ভরসা কার্ড চালুর কথা বলছেন, সেই শুভেন্দু অধিকারীকে দেখলেই তো সব শক্তি চলে যাবে। কারণ, উনিই তো তৃণমূল নেত্রী, তথা রাজ্যের মন্ত্রী ও আদিবাসী কন্যা বীরবাহা হাঁসদা সম্পর্কে কটূক্তি করেছিলেন। তিনি মহিলাদের কতটা সম্মান করেন, সেটা সবাই জানে। আর আপনি তাঁকে পাশে বসিয়ে মাতৃশক্তির ওপর ভরসা করার কথা বলছেন। এর থেকেও গুরুত্বপূর্ণ, এটা পুরোটাই এমসিসির বিধিভঙ্গের সামিল। নির্বাচন চলাকালীন কেউ কোনও ভাবেই এরকম কোনও ঘোষণা করতে পারে না। যে এই কার্ড থাকলে প্রত্যেকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দেওয়া হবে। এরপরও নির্বাচন কমিশন কেন কোনও ব্যবস্থা নেবে না, প্রশ্ন তোলেন শশী।
এছাড়াও তিনি অভিযোগ করেন, হোয়াটস অ্যাপে তৃণমূল নেতা, নেত্রীদের গাড়িতে তল্লাশির নির্দেশ আসছে। এই নির্দেশেরও তীব্র প্রতিবাদ করেন তিনি। এই নিয়ে তৃণমূলের তরফে ডেরেক ও’ব্রায়েন নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন বলেও জানান শশী পাঁজা।

Be the first to comment