রোজদিন ডেস্ক : দিল্লিতে মৃত্যু হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিক (migrant worker) সঞ্জীব ভূমিজের। কিন্তু দেহ ফেরানো নিয়ে তৈরি হয় সংশয়। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয় মৃতের পরিবার। ধনেখালির বেলমুড়ি গ্রামের বাসিন্দা সঞ্জীব (২৮)। প্রায় দশ বছর ধরে গহনা তৈরির কাজ করত দিল্লির গান্ধিনগরে। বৃহস্পতিবার সন্ধ্যা অবধি মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। তারপর রাতে দিল্লি থেকে এক ব্যক্তি ফোন করে জানান সঞ্জীবের প্রচন্ড বুকে ব্যাথা হচ্ছে হাসপাতালে ভর্তি। গভীর রাতে বাড়িতে খবর আসে ছেলে মারা গিয়েছে। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার। এরপর ছেলের মরদেহ বাড়িতে নিয়ে আসার জন্য মন্ত্রী বেচারাম মান্নার সহযোগিতায় মুখ্যমন্ত্রীর দফতরের যোগাযোগ করেন। দেহ ফিরে পেতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন করে পরিবার। আবেদনের পর উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তারপরই শনিবার বিকালে ধনেখালি ব্লক প্রশাসন ও পুলিশ সঞ্জীবের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্ৰহ করে। মৃতের মা রীতা ভূমিজ জানান, কখনও দেশের বাইরে কখনো ভিনরাজ্যে কাজ করত ছেলে। গত কয়েক মাস ধরে ছেলে ভালো রোজগার করছিল। সুখের সময় আমার ছেলেকে ভগবান কেড়ে নিল। বলেছিল, কালীপুজোয় বাড়ি ফিরে ঘর তৈরি করবে। সবে আবাস যোজনার ঘরের টাকা পেয়েছি। সব মিলিয়েই ভালো করে ঘর তৈরির কথা ছিল।

Be the first to comment