রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মির্জা গালিব স্ট্রিটের ভয়াবহ
অগ্নিকান্ডের ঘটনায় প্রাক্তন সরকার কেই দায়ী করলেন। একই বক্তব্য পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালেরও।
এই বিধ্বংসী আগুনের খবর পেয়ে সকালেই ওখানে যান পুরমন্ত্রী। প্রাক্তন সরকারের পাশে এই ঘটনার জন্য অভিযোগের আঙুল তোলেন সিইএসসি-র দিকেও।
অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুপুরে সমাজ মাধ্যমে এর জন্য প্রাক্তন সরকারকে দায়ী করে তোপ দাগেন।
মুখ্যমন্ত্রী লিখেছেন, বছরের পর বছর ধরে কোনও নিয়ন্ত্রণ ছাড়াই কলকাতা তথা রাজ্যে পরিকাঠামো গড়ে উঠেছে। অগ্নি সুরক্ষা সংক্রান্ত নিয়ম বিধি উপেক্ষা করেই বিভিন্ন ভবন গড়ে তোলা হয়েছে। সেগুলিকে হোটেল ও অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, প্রাক্তন সরকারের অবহেলাই এর কারণ। তারা ইচ্ছে করেই এই সব বিষয় থেকে নজর ঘুরিয়ে রেখেছিল। তাঁর সরকার এই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর কারণ খোঁজার চেষ্টা হচ্ছে৷ তৃণমূল জমানায় যে ক্ষত তৈরি হয়েছে, তাঁরা মেরামতের চেষ্টা করছেন।
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রাক্তন মেয়র তথা প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাহ হাকিম কে নিশানা করে বলেন, এখানে ট্রেড লাইসেন্স কে দিল? একটা এসি-র অনুমতি নিয়ে দশটা এসি চলছে!
দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীও সকালে ঘটনা স্থলে গেছিলেন। তিনিও আক্ষেপ করে বলেন, প্রাক্তন সরকারের আমলের কলকাতা পুরসভার অভিশাপ তাঁদের বহন করতে হচ্ছে! কিভাবে এখানে ট্রেড লাইসেন্স দেওয়া হোল, তদন্ত হবে। প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Be the first to comment