রোজদিন ডেস্ক :
বিধায়কদের সই জাল কান্ডে আপাতত স্বস্তি মিললো সাংসদ অভিষেক ব্যানার্জির। উচ্চ আদালত এই বিষয়ে তাঁর বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ না নেওয়ার মেয়াদ বাড়ালো। আগামী নভেম্বর মাস অবধি তাঁর রক্ষাকবচ বহাল থাকবে বলে বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন।
এই সঙ্গে সিআইডি এই বিষয়ে তদন্ত চালাবে। তবে আদালতের নির্দেশ ছাড়া অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ করা যাবে না৷
উল্লেখ্য, বিধানসভায় বিরোধী নেতা নির্বাচনের বৈঠকে তৃণমূলের জয়ী কয়েকজন বিধায়কের সই জালের অভিযোগ নিয়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত করছে সিআইডি। তবে তাৎপর্যপূর্ণ ভাবে বিচারপতি প্রশ্ন তুলেছেন, ওই বৈঠকে ছিলেন বলেই তিনি জাল নথি তৈরি করেছেন?
আজ সিআইডি আদালতে জানায়,৬ মে-র বৈঠকে অভিষেক ব্যানার্জি নেতৃত্ব দিয়েছিলেন। ৭০ জন বিধায়ক বিরোধী নেতা নির্বাচনের নথিতে সই করেন। পরে পাঁচ বিধায়ক দাবি করেন, তাঁদের সই জাল করা হয়েছে। এই সব নিয়েই তাঁদের একাংশ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর সাবেক তৃণমূল বিভাজিত হয়ে গেছে। দলের প্রতিষ্ঠাতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়ে সিংহ ভাগ বিধায়ক ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। বিরোধী নেতার মর্যাদা পেয়েছেন ঋতব্রত ব্যানার্জি। এখন সাবেক প্রতীক কোন শিবির পাবে তা নিয়ে জটিলতা অব্যাহত।
এই সবের মাঝে বিধায়কদের সই জাল নিয়ে কিছুটা হলেও স্বস্তিতে অভিষেক ব্যানার্জি।

Be the first to comment