রোজদিন ডেস্ক :
বাংলা নববর্ষে বঙ্গবাসীর উদ্দেশ্যে বাংলায় খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরোপুরি রাজনৈতিক বয়ানে লেখা এই চিঠিতে প্রধানমন্ত্রী রাজ্যে বর্তমান সরকারের আমলে রাজ্যবাসী অপশাসন, বিশৃঙ্খলা ও দুর্নীতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। বলেন, এই সব কিছু গত ১৫ বছরে সাধারণ মানুষের মৌলিক অধিকার, সম্মান ও সংস্কৃতি র ওপর চরম আঘাত হেনেছে। এখন তিনি যখন রাজ্যবাসীর দুঃখ, বেদনা দেখেন, তখন তাঁর মন ব্যথিত ও ভারাক্রান্ত হয়, এই রাজ্য সরকার যে ভয়ের পরিবেশ তৈরি করেছে, তার ফলে মা বোন দের নিরাপত্তা, যুবসমাজের কর্মসংস্থান ও গরিব মানুষরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রধানমন্ত্রী বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে সবাইকে আহবান জানিয়ে বলেন, সেখানে সব গরিব মানুষের মাথায় ছাদ, সবার পাতে ভাত, মহিলারা নির্ভয়ে, নিরাপদে বেরোনো, যুবসমাজ কে কাজের জন্য ভিন রাজ্যে যেতে হবে না।
রাজ্যে বিজেপি সরকার এলে অবস্থার পরিবর্তন হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি কথা দিচ্ছেন তাঁদের সরকার এলে এই রাজ্য সারা দেশের সঙ্গে উন্নয়নের পথে এগিয়ে যাবে। বিধানসভা নির্বাচনে সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন,শুধু নিজেদের জন্য না, ভবিষ্যত প্রজন্মের জন্য উজ্জ্বল পথ গড়তে হবে। তাঁর দৃঢ় বিশ্বাস, রাজ্যের মানুষ প্রধানমন্ত্রী ও বিজেপির ওপর ভরসা রেখে ঐতিহাসিক জয় উপহার দেবেন।

চিঠির প্রথমেই তিনি মা কালীর কাছে প্রার্থনা করেন, “আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী নতুন উদ্দীপনা ও উৎসাহের সঙ্গে নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারেন।”
অন্যদিকে রাজ্যপাল আর এন রবি পৃথকভাবে রাজ্যবাসীকে বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সোনার বাংলা গড়ার আহবান জানান। বার্তা দেন, “আসুন, আমাদের বীর শহিদ ও স্বাধীনতা সংগ্রামীদের সোনার বাংলা গড়ে তুলতে আমরা আজ পুনরায় অঙ্গীকারবদ্ধ হই। “

Be the first to comment