রোজদিন ডেস্ক : ভারতকে শুল্ক গুঁতোয় জেরবার করে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বেপরোয়া হয়ে উঠেছেন, ঠিক সেই সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন সফর।
সূত্রের খবর, আগামী ৩১শে আগস্ট থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত চিনের তিয়ানজিন শহরে আয়োজিত এসসিও শীর্ষ সম্মেলনে অংশ নিতে পারেন মোদী। এই সফরের সময়েই তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে, যা আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এরই মধ্যে মস্কোয় পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। রাশিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক, প্রতিরক্ষা, কৌশলগত ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে বিশেষ বৈঠক আছে। তবে যে সময়ে ডোভালের এই রাশিয়া সফর, তা যেন এতে আরও মাত্রা জুড়ে দিয়েছে। কারণ, ট্রাম্প যখন রাশিয়া থেকে তেল কেন নিয়ে নয়াদিল্লির বিরুদ্ধে ভ্রুকুটি তুলেছেন, তখনই সাউথ ব্লক যেন ডোভালকে মস্কোয় পাঠিয়ে পাল্টা বার্তা দিতে চাইছে বলে মনে করা হচ্ছে।
বিশেষ সূত্রের খবর, ডোভাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। এই বৈঠকে রাশিয়ার তেল সরবরাহ, যুদ্ধকালীন পরিস্থিতি, আমেরিকার হুমকি ইত্যাদি দ্বিপাক্ষিক কৌশলগত আলোচনায় উঠে আসতে পারে। অবাক করা বিষয় হল, এই সময়েই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফও মস্কোতে রয়েছেন, যা তাঁর এ বছরের পঞ্চম রাশিয়া সফর।

Be the first to comment