রোজদিন ডেস্ক : এসআইআর নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। ২০০২-এর ভোটার তালিকায় নাম না পেলেই তৈরি হচ্ছে প্যানিক। যার ফলে মৃত্যু পর্যন্ত হচ্ছে। ইতিমধ্যেই ১৭ জন নাগরিকের মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কের জেরে। দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। এবার হুগলির ধনেখালিতে এন্যুমারেশন ফর্ম ফিলাপ সংক্রান্ত আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন সোমসপুরের এক মহিলা। আশঙ্কাজনক অবস্থায় দু’জনেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
ধনেখালির বাসিন্দা আশা সোরেনের সঙ্গে পূর্ব বানপুরের বাসিন্দা সন্তু সোরেনের সঙ্গে বিয়ে হয়। তাঁদের ছয় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। কিন্তু স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তিতে পাঁচ বছর আগে শ্বশুরবাড়ি ছেড়েছেন আশা। এসআইআর শুরু হওয়ার পরে তিনি জানতে পারেন তাঁকে এন্যুমারেশন ফর্ম সংগ্রহ করতে যেতে হবে শ্বশুরবাড়িতে। তাঁর বাপের বাড়িতে, যেখানে তিনি সন্তানকে নিয়ে রয়েছেন সেখানে তাঁকে ফর্ম দেওয়া হবে না। এরপর থেকেই শ্বশুরবাড়ি যাওয়ার হতাশায় ভুগতে থাকেন তিনি। হতাশায় আশা সোরেন নিজেও বিষ খান। নিজের ছয় বছরের সন্তানকেও বিষ খাওয়ান। দু’জনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। ঘটনার পরেই ওই মহিলার বাড়ি যান ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, বিজেপি নেতারা যেভাবে হুমকি দিচ্ছে, কাগজ না থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেব, তা নিয়ে মানুষ আতঙ্কিত এবং একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে বলে দাবি। এমনকী নির্বাচনের আগে এসআইআর নিয়ে কেন এত তাড়াহুড়ো তা নিয়েও প্রশ্ন তুলেছেন ধনেখালির তৃণমূল বিধায়ক।

Be the first to comment