জন কল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, সরকারি প্রকল্পের সুবিধা পেতে নবদ্বীপে মানুষের উৎসাহ

Spread the love

নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ:
সারা রাজ্যজুড়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ৫৫টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোমবার থেকে শুরু হলো জনকল্যাণ শিবির। প্রথম দিনেই নদীয়ার নবদ্বীপ শহরের বুড়ো শিবতলা রোড সংলগ্ন হিন্দু স্কুল প্রাঙ্গনে আয়োজিত শিবিরে দেখা গেল সাধারণ মানুষের ব্যাপক সাড়া।

সকাল থেকেই বিভিন্ন বয়সের নারী-পুরুষের দীর্ঘ লাইন পড়ে যায় শিবির চত্বরে। সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে তথ্য সংগ্রহ, নতুন আবেদন জমা দেওয়া, নথিপত্র যাচাই এবং বিভিন্ন পরিষেবা গ্রহণের জন্য অসংখ্য মানুষ শিবিরে উপস্থিত হন। ফলে গোটা এলাকা কার্যত জনসমাগমে মুখর হয়ে ওঠে।

প্রশাসনের পক্ষ থেকে শিবিরে আগত মানুষদের সুবিধার জন্য একাধিক কাউন্টার, তথ্য সহায়তা কেন্দ্র এবং প্রয়োজনীয় কর্মী মোতায়েন করা হয়। যাতে দ্রুত ও স্বচ্ছভাবে পরিষেবা প্রদান করা যায়, সেই দিকেও বিশেষ নজর দেওয়া হয়।

সরকারি উদ্যোগে আয়োজিত এই জনকল্যাণ শিবিরের মূল উদ্দেশ্য হল বিভিন্ন সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আবেদন সংক্রান্ত জটিলতা কমিয়ে প্রশাসন ও নাগরিকদের মধ্যে সংযোগ আরও মজবুত করা।

প্রথম দিনের বিপুল উপস্থিতি থেকেই স্পষ্ট, সরকারি পরিষেবা গ্রহণে মানুষের আগ্রহ যথেষ্ট বেড়েছে। আগামী দিনগুলিতেও এই শিবিরগুলিতে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে প্রশাসনের আশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*