রমিত সরকার, নদীয়া:
নদীয়া জেলা পরিষদে শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। দলীয় সূত্রে খবর, জেলা পরিষদের বর্তমান সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন দলেরই সদস্যদের একাংশ। এই প্রস্তাবে জেলা পরিষদের সহ-সভাপতিসহ মোট ২৭ জন সদস্য স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে।
সূত্রের দাবি, জেলা পরিষদের সভাধিপতিকে অপসারণের উদ্দেশ্যেই এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। দলের অন্দরে দীর্ঘদিন ধরে চলা মতবিরোধ ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে অসন্তোষের জেরেই এই পদক্ষেপ বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। যদিও অনাস্থা প্রস্তাবের নির্দিষ্ট কারণ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে নদীয়ার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শাসকদলের অন্দরে এই পরিস্থিতি আগামী দিনে জেলা পরিষদের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
তবে এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি বা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনাস্থা প্রস্তাবের পরবর্তী সাংগঠনিক ও প্রশাসনিক প্রক্রিয়া কীভাবে এগোয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Be the first to comment