রোজদিন ডেস্ক : তৃণমূলের ডামাডোল রবিবারের পর আরও প্রস্থ বাড়ল। এবার বেলাগাম কুণাল ঘোষের মন্তব্যে ক্ষুব্ধ সুদীপ-জায়া তথা চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কুণাল ঘোষের বিরুদ্ধে এবার দলকে নালিশ জানাতে চলেছেন নয়না। তিনি এর বিচার চান। দল এখন কুণালের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন, বলেই বার্তা দিয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে প্রকাশ্য কিছু না বললেও তিনি যে এখনও তৃণমূলেই আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, তা স্পষ্ট করে দিয়েছেন নয়না। সুদীপ বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তাঁর একান্তই ব্যক্তিগত, এর সঙ্গে নয়না বন্দ্যোপাধ্যায় একমত নন, এমনই সূত্রের খবর। কিন্তু ‘বিশ্বাসঘাতক’ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে কুণাল যেভাবে নয়নাকে টেনে এনেছেন তাতে বেজায় চটেছেন সুদীপ-জায়া। তিনি তৃণমূলের একজন বিধায়ক হওয়ার পরেও কুণাল ঘোষ কীভাবে তাঁকে এভাবে আক্রমণ করেতে পারেন প্রশ্ন তুলেছেন তিনি। সূত্রের খবর, এই বিষয়ে দল কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চাইবেন নয়না। এখন দল যদি কোনও ব্যবস্থা না নেয় তাহলে নয়না কী করবেন সেটাই দেখার।

Be the first to comment