রোজদিন ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনে শাসক NDA এক কোটি চাকরি, মহিলাদের ক্ষমতায়ন-সহ একগুচ্ছ জনমোহিনী প্রতিশ্রুতি ঘোষণা করলো। আজ পাটনায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে এই ইস্তাহার প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার-সহ এনডিএ-র নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
বিরোধী মহাগটবন্ধনের ইস্তাহারের মতই এনডিএ ইস্তাহারেও বিহারবাসীদের জন্য এক গুচ্ছ জনমোহিনী প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে ক্ষমতায় এলে এক কোটি চাকরি দেওয়া হবে। সব জেলায় মেগা স্কিল কেন্দ্র করা হবে। মেধাবী, দক্ষ তরুণদের চিহ্নিত করে দেওয়া হবে প্রশিক্ষণ। দেশ বিদেশে বিহারকে আন্তর্জাতিক দক্ষ হাব হিসাবে গড়ে তোলা হবে।
মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার আওতায় তাঁদের ব্যবসা শুরু করলে ২ লক্ষ টাকা অবধি আর্থিক সহায়তা করা হবে।
এক কোটি মহিলাকে লাখপতি দিদি করার লক্ষ্যমাত্রা ইস্তাহারে নেওয়া হয়েছে। তাঁরা যাতে বছরে এক লক্ষ টাকার বেশি আয় করতে পারেন সে চেষ্টা করা হবে। সফল মহিলা শিল্পোদ্যোগীদের সহায়তার জন্য “মিশন ক্রোড়পতি ” প্রকল্পও চালু হবে।
কেজি থেকে পিজি অবধি গরিবদের বিনামূল্যে শিক্ষা, পুষ্টিকর খাবার, মিড ডে মিল দেওয়া হবে।
পিছিয়ে পড়া প্রান্তিক মানুষদের জন্য আর্থিক ও সামাজিক সহায়তা দেওয়া হবে। এই পরিবারগুলিকে দশ লক্ষ টাকা সহায়তার আশ্বাস দিয়ে জানানো হয়েছে, কারা এর আওতায় আসবেন তা খতিয়ে দেখতে শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে কমিটি করা হবে।
কৃষকদের কল্যাণে কর্পুরি ঠাকুর কিষাণ সম্মান নিধি চালু হবে। এর ফলে কৃষকরা প্রতি ফসল মরসুমে তিন হাজার টাকা করে বছরে নয় হাজার টাকা পাবেন। গ্রামীণ অর্থনীতি উন্নয়নে দুধ ও মৎস্যজীবিদের সুবিধাদান, বিহার থেকে সরাসরি বিদেশে উড়ান চালু, রেল ও মেট্রো রেল সম্প্রসারণ ইত্যাদি প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
আজ এই নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, দুই কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি, চিরাগ পাশওয়ান, উপেন্দ্র কুশওয়াহা সহ এনডিএ-র নেতারা উপস্থিত ছিলেন।
আগামী ছয় ও এগারো নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

Be the first to comment