রোজদিন ডেস্ক : ব্রিটেনের রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুর প্রিন্স উপাধি বাতিল হতে চলেছে। তিনি উইন্ডসর প্রাসাদেও থাকতে পারবেন না বলে খবর। আমেরিকার বিতর্কিত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে বন্ধুত্বের জেরে তাঁর বিরুদ্ধে এই সব ব্যবস্থা নিয়েছে বাকিংহাম প্যালেস।
অ্যান্ড্রুর ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও নানা প্রশ্ন উঠেছে। চলতি মাসে তিনি নিজেই ডিউক অফ ইয়র্ক উপাধি ত্যাগ করেন।
ভার্জিনিয়া জিউফ্রের আত্মজীবনী প্রকাশের পর আরও বেকায়দায় পড়েন অ্যানড্রু। প্রয়াত ভার্জিনিয়ার এই জীবনী প্রকাশের পর আমেরিকা, ব্রিটেন-সহ একাধিক দেশের পদস্থ ব্যক্তিদের জীবনের অন্ধকার দিক সামনে আসে। অ্যান্ড্রু তাঁকে কিশোরী বয়েসে ধর্ষণ করেছিলেন বলে ভার্জিনিয়ার বই-এ উল্লেখ থাকায় চরম অস্বস্তিতে পড়ে ব্রিটিশ রাজ পরিবার। অ্যান্ড্রু নিজে এই অভিযোগ অস্বীকার করলেও বাকিংহাম প্যালেস তাঁর বিরুদ্ধে এই শাস্তিমুলক পদক্ষেপ নিলো। এতে খুশি ভার্জিনিয়ার পরিবার। এক বিবৃতিতে তাঁরা বলেন, ভার্জিনিয়া নিজের সত্য ও অসাধারণ সাহস দিয়ে এক ব্রিটিশ রাজপুত্রকে পরাজিত করেছেন।
সুত্রের খবর, উইন্ডসর প্রাসাদ ছেড়ে অ্যান্ড্রুকে এক ব্যক্তিগত বাড়িতে চলে যেতে হবে। তাঁর দাদা তথা ব্রিটিশ রাজা চার্লস ব্যক্তিগতভাবে এই খরচ বহন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

Be the first to comment