রোজদিন ডেস্ক : প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দীন এবার নতুন ভূমিকায়। কংগ্রেস শাসিত তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির মন্ত্রিসভায় আজ শপথ নিলেন তিনি।
রাজভবনে রাজ্যপাল জিষ্ণুদেব ভার্মা তাঁকে শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সহ বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। আজহারউদ্দীনকে নিয়ে তেলেঙ্গানা মন্ত্রিসভায় সদস্য সংখ্যা হল ষোল। এখনও আরও দুই মন্ত্রী নিতে পারে রাজ্য সরকার।
তেলেঙ্গানায় আসন্ন জুবিলি হিল উপনির্বাচনের আগে আজহারউদ্দীন এর মন্ত্রী হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন। এই কেন্দ্রের লক্ষাধিক মুসলিম ভোটার আছেন। বি আর এস বিধায়ক মগন্তি গোপীনাথের আকস্মিক প্রয়াণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। গত জুন মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন।
এই উপনির্বাচনের সঙ্গে তাঁর মন্ত্রিত্ব লাভের কোন সম্পর্ক নেই বলে আজহারউদ্দীন জানিয়েছেন। মন্ত্রী হওয়ার জন্য তিনি দলের হাই কমান্ড, আমজনতা ও অনুগামীদের ধন্যবাদ জানান। তাঁকে যে দায়িত্ব দেওয়া হবে, তিনি সততার সঙ্গে পালন করবেন বলে জানান। অন্য কারও থেকে দেশভক্তির কোনও শংসাপত্র তাঁর প্রয়োজন নেই বলেও প্রাক্তন তারকা ক্রিকেটার জানিয়ে দেন।
বিজেপি তাঁর এই মন্ত্রীপদ প্রাপ্তিকে রাজনৈতিক বলে মন্তব্য করেছে। মুসলমানদের মন জয় করতে কংগ্রেসের এই প্রয়াস বলে বিষোদগার করেন।

Be the first to comment