প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, হল মালিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

বাংলা ছবির জন্য প্রাইম টাইম শো নিশ্চিত করতে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। নবান্নে চলচ্চিত্র জগতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, রাজ্যের প্রতিটি সিনেমা হলে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে। অন্য ভাষার ছবি প্রদর্শনে কোনও বাধা নেই, তবে বাংলা ছবির জন্য নির্দিষ্ট প্রাইম টাইম শো নিশ্চিত করতেই হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির শো কমিয়ে দেওয়া এবং পরে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, বৈঠকে সেই প্রসঙ্গেই অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, হল মালিকদের উদ্দেশে তিনি বলেন, আগের সরকারের আমলে কী হয়েছে তা তিনি জানেন না, তবে বর্তমান সরকারের সময়ে এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। কার নির্দেশে ছবিটির প্রদর্শন বন্ধ করা হয়েছে, তা জানতে চেয়ে অবিলম্বে ছবিটির শো পুনরায় চালুর নির্দেশও দেন তিনি।

বাংলা চলচ্চিত্রের স্বার্থে প্রাইম টাইম নীতিকে এবার কার্যকরভাবে বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গিয়েছে। আগে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত থাকলেও তার যথাযথ প্রয়োগ হয়নি বলেই মনে করছে চলচ্চিত্র মহলের একাংশ। এবার সেই ঘাটতি দূর করতেই সরকারের সক্রিয় উদ্যোগ।

বৈঠক শেষে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে এবং বাংলা সিনেমার জন্য ভালো ফল মিলবে বলেই তাঁর আশা। তিনি জানান, মূল আলোচনার বিষয় ছিল বাংলা ছবির জন্য প্রাইম টাইম শো নিশ্চিত করা এবং সেই সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা। তাঁর কথায়, “আগেও প্রাইম টাইমের সিদ্ধান্ত হয়েছিল। এবার সেটিকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে।”

আগামী সপ্তাহেই তাঁর নতুন ছবি ‘নজরবন্দী’ মুক্তি পাচ্ছে উল্লেখ করে ঋতুপর্ণা বলেন, এই সিদ্ধান্ত বাংলা ছবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী প্রাইম টাইমে বাংলা ছবির প্রদর্শনের বিষয়ে স্পষ্ট আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানান।

চলচ্চিত্র মহলের মতে, দীর্ঘদিন ধরে মাল্টিপ্লেক্স ও প্রেক্ষাগৃহে বাংলা ছবির শো কমে যাওয়ার অভিযোগ ছিল। সরকারের এই উদ্যোগ কার্যকর হলে বাংলা ছবির দর্শকপ্রাপ্তি বাড়বে, পাশাপাশি রাজ্যের চলচ্চিত্র শিল্পও নতুন করে গতি পেতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*