Nepal: হড়পা বান, কলকাতার ট্রাভেল সংস্থার ৩২ পর্যটকের এখনও খোঁজ নেই

Spread the love

রোজদিন ডেস্ক : নেপালে ভয়াবহ হড়পা বানের পর থেকে মৃত ও নিখোঁজের সংখ্যা ক্রমশ বাড়ছে। নদীর স্রোতে ভেসে যাওয়া অথবা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া বহু মানুষের এখনও কোনও সন্ধান মেলেনি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে কলকাতার একটি ট্রাভেল সংস্থার মাধ্যমে নেপাল ভ্রমণে যাওয়া ৩২ জন পর্যটকের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি বলে সংস্থার তরফে জানানো হয়েছে। তাঁদের মধ্যে দুর্গাপুরের বাসিন্দা মৌসুমী গাঙ্গুলীকে খুঁজে পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে খবর মিললেও পরিবারের সদস্যরা এখনও তাঁকে শনাক্ত করেননি। ফলে তাঁর পরিচয় নিয়েও নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ পর্যটকদের সন্ধানে কলকাতার ওই ট্রাভেল সংস্থার তরফে নেপালে একটি দল পাঠানো হয়েছে। গতকাল রাতে দু’জনকে পাঠানো হয়েছিল। আজ আরও দু’জন সেখানে পৌঁছেছেন। অর্থাৎ বর্তমানে সংস্থার মোট চারজন প্রতিনিধি কাঠমান্ডুতে রয়েছেন। তাঁরা বৃহস্পতিবার কাঠমান্ডুর বিভিন্ন মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন। নিখোঁজ পর্যটকদের কেউ সেখানে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন তাঁরা।
অন্যদিকে, কলকাতার ওই সংস্থার সঙ্গে সহযোগিতায় নেপালে পর্যটন পরিষেবা দেওয়া একটি সংস্থার তরফে হেলিকপ্টারে করে দুর্গত এলাকা পরিদর্শনের পরিকল্পনা করা হয়েছে। জলস্রোত যতদূর পর্যন্ত পৌঁছেছে ততটা পর্যন্ত পর্যটকদের সন্ধানে খোঁজ চালানো হবে বলে জানা গিয়েছে।
নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এখনও বহু মানুষের কোনও সন্ধান না মেলায় উদ্বেগ বাড়ছে। নিখোঁজ পর্যটকদের পরিবারের পাশাপাশি তাঁদের সঙ্গে যাওয়া অন্যান্য পর্যটকদের পরিবারও তাঁদের প্রিয়জনের খোঁজে অপেক্ষা করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*