NEW ALIPUR PLAY SCHOOL: প্লে স্কুলে আড়াই বছরের শিশুকে আছাড়, গ্রেফতার শিক্ষিকা

Spread the love

প্রতিবেদন: অনেক চেষ্টা করেও শিশুটিকে চুপ করাতে পারেননি শিক্ষিকা। শেষে বিরক্ত হয়ে আড়াই বছরের শিশুকে মাটিতে আছাড় মারেন। সেই আঘাতে পা ভাঙল ওই খুদে পড়ুয়ার। চরম অমানবিক ঘটনাটি ঘটেছে নিউ আলিপুরের একটি বেসরকারি প্লে স্কুলে (New Alipur Play School)। অভিযুক্ত শিক্ষিকার নাম সানন্দা পাল। ঘটনায় গুরুতর চোট পেয়েছে প্রি-নার্সারির ওই পড়ুয়া। অভিযোগ, শিশুটির ডান পা ভেঙে গিয়েছে। ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ পেয়ে ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। পরিবার সূত্রে খবর, শুক্রবার স্কুল চলাকালীন কোনও কারণে কান্নাকাটি করছিল ওই খুদে পড়ুয়া। সহ্য করতে না পেরে রেগে যান শিক্ষিকা। এরপরই শিশুটিকে তুলে মাটিতে আছাড় মারেন বলে অভিযোগ। আঘাত পেয়ে যন্ত্রণায় কাঁদতে শুরু করে খুদে। খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরীক্ষার পর জানা যায় তার ডান পা ভেঙে গিয়েছে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়। ঠিক কী কারণে শিক্ষিকা অমানবিক ঘটনা ঘটালেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই ঘটনায় স্কুলে শিশুদের নিরাপত্তা ও তাদের প্রতি শিক্ষকদের আচরণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। উদ্বিগ্ন অভিভাবকরা বলছেন, এরপর কোন ভরসায় শিশুদের তাঁরা স্কুলে পাঠাবেন?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*