প্রতিবেদন: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে বা ডব্লিউবিএইচএস অন্তর্ভুক্ত সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের নির্ভরশীলদের স্বাস্থ্যসাথী অথবা আয়ুষ্মান ভারত কার্ড অবিলম্বে জমা দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। শুক্রবার অর্থ দফতরের মেডিক্যাল সেলের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, যাঁরা ডব্লিউবিএইচএসের আওতায় থেকেও ওই কার্ডগুলি নিজেদের বা পরিবারের সদস্যদের নামে রেখেছেন, তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা জমা করতে হবে। নির্দেশ অনুযায়ী, কার্ড সমর্পণের প্রমাণপত্র-সহ নির্ধারিত ঘোষণাপত্র জমা দিতে হবে। কর্মীদের ক্ষেত্রে তা সংশ্লিষ্ট দফতরের প্রধানের কাছে এবং পেনশনভোগীদের ক্ষেত্রে যেখানে ডব্লিউবিএইচএসের ক্লেইম জমা দেওয়া হয়, সেখানে জমা দিতে হবে। এই প্রক্রিয়া ৩১ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে ডব্লিউবিএইচএসের চিকিৎসা-সংক্রান্ত সমস্ত সুবিধা সাময়িকভাবে বন্ধ করা হবে। কর্মচারীদের ক্ষেত্রে বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য করে শৃঙ্খলাজনিত ব্যবস্থাও নেওয়া হবে। নির্দেশিকার সঙ্গে কার্ড সমর্পণের ঘোষণাপত্রের নমুনাও প্রকাশ করা হয়েছে।

Be the first to comment