NEW RAIL PROJECT: খড়্গপুর-ভদ্রক চতুর্থ লাইন প্রকল্পে কেন্দ্রের ছাড়পত্র

বাংলা-ওড়িশায় পণ্য পরিবহণে বাড়বে গতি

Spread the love

রোজদিন ডেস্ক: খড়্গপুর-ভদ্রক (রণিতাল) চতুর্থ লাইন প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রকল্পটি পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যে রেল যোগাযোগকে আরও শক্তিশালী করবে এবং পূর্ব উপকূলীয় রেল করিডরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। সমাজমাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, প্রায় ১৭৩ কিলোমিটার দীর্ঘ এই মাল্টি-ট্র্যাক প্রকল্প বাস্তবায়িত হলে খড়্গপুর রুটে ট্রেন চলাচলের চাপ কমবে। যাত্রীবাহী ট্রেন আরও দ্রুত, মসৃণ এবং সময় মেনে চলাচল করতে পারবে। একই সঙ্গে পণ্যবাহী রেলের ক্ষমতাও বৃদ্ধি পাবে।

মুখ্যমন্ত্রীর দাবি, ইস্পাত, কয়লা, লৌহ আকরিক, সিমেন্ট, মোটরগাড়ি, কনটেনার এবং খাদ্যশস্য পরিবহণে এই প্রকল্প বিশেষ সহায়ক হবে। এর ফলে মালবাহী রেল পরিষেবা আরও দক্ষ হবে এবং সরবরাহ ব্যবস্থাও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে শিল্প ও বাণিজ্যিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বন্দরগুলিও এর সুফল পাবে। পাশাপাশি জাতীয় সড়কে পণ্যবাহী যানবাহনের চাপও কিছুটা কমবে। এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*