রোজদিন ডেস্ক : পুজোকে সামনে রেখেই নতুন রুটে যাত্রী পরিষেবার উদ্বোধন করেছিল মেট্রো। সেই উদ্দেশ্য যে পুরোপুরি সফল, পরিসংখ্যান ই তা বলে দিচ্ছে। পুজো শেষ হতেই দেখা গেল সবকটি রুট মিলিয়ে যাত্রী পরিবহণে নতুন নজির গড়েছে কলকাতা মেট্রো। ভেঙে গেছে অতীতের সব রেকর্ড। পুজোর আগেই কলকাতা মেট্রোয় সংযোজিত হয়েছিল নতুন রুট। হাওড়া থেকে সেক্টর ৫।জুড়ে গিয়েছিল শিয়ালদহ, এসপ্লানেডের মতো স্টেশন। এবারের তথ্য বলছে, পঞ্চমীর দিন ব্লু লাইনে ছিল সবথেকে বেশি ভিড়। ওই দিন শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে ৭.৪৩ লক্ষ যাত্রী ছিল।গ্রিন লাইনের যাত্রী সংখ্যা ছিল ২.২১ লক্ষ। অরেঞ্জ এবং পার্পল লাইন মিলিয়ে ছিল ০.১৮ লক্ষ। ষষ্ঠীর দিন ব্লু লাইনে ৬.৪৬ লক্ষ, গ্রিন লাইনে ১.৬৭ লক্ষ ও বাকি দুই লাইনে ০.২ লক্ষ যাত্রী মেট্রো ব্যবহার করেন।সপ্তমীতে ব্লু লাইনে ৭.০২ লক্ষ, গ্রিন লাইনে ১.৭৭ লক্ষ যাত্রী, অষ্টমীতে ব্লু লাইনে ৬.৩৭ লক্ষ ও গ্রিন লাইনে ১.৬৫ লক্ষ এবং নবমীতে ব্লু লাইনে ৬.২৬ লক্ষ ও গ্রিন লাইনে ১.৬৯ লক্ষ যাত্রী এই পরিষেবা নিয়েছেন।

Be the first to comment