- ঝড়, বৃষ্টি, দুর্যোগের আশঙ্কা কাটিয়ে রবিবার রাতে নির্বিঘ্নে শেষ হল রেড রোডের দুর্গা কার্নিভাল। বৃষ্টি দু’একবার নামলেও উৎসবে তা খুব একটা ব্যাঘাত ঘটাতে পারেনি।
- আজ কোজাগরী লক্ষ্মীপুজো। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সবাইকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নিজের কথায় ও সুরে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গানও শেয়ার করে নিলেন তিনি।
- নিম্নচাপের টানা বৃষ্টিতে গত কয়েকদিন ধরে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। সেখানকার বন্যা পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। আজ দুপুরে উত্তরবঙ্গ পৌঁছে গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। রাজ্য প্রশাসন এরই মধ্যে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করেছে।
- উত্তরবঙ্গ যখন বন্যায় ভাসছে, মুখ্যমন্ত্রী তখন দুর্গা কার্নিভালে আনন্দ করছেন। এই অভিযোগ তুলে রবিবার থেকে আসরে নেমেছে রাজ্যের বিরোধীরা। এত বড় অনুষ্ঠান, সব আগে থেকে ঠিক করা, অতিথিরা উপস্থিত, এভাবে হঠাৎ বন্ধ করা যায় না, সাফাই দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
- উত্তরবঙ্গের দুর্যোগে রবিবার রাত পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের। দার্জিলিংয়ে ২৩, মিরিকে ১১, মানেভঞ্জনে ৫, নাগরাকাটায় ৫, দার্জিলিং সদরে ১, সুখিয়াপোখরিতে ২ ও জোড়বাংলোয় ৪ জনের মৃত্যু হয়েছে।
- জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামী ৮ ও ৯ অক্টোবর রাজ্যের দুই জেলায় সফর করবে। ৮ অক্টোবর উত্তর ২৪ পরগনা এবং ৯ অক্টোবর পূর্ব মেদিনীপুরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের প্রস্তুতি ও অগ্রগতি খতিয়ে দেখবেন তাঁরা। দলের নেতৃত্বে ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী।
- উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতিতে মিরিকে মামার বাড়িতে বেড়াতে গিয়ে দুর্যোগের বলি হল শিলিগুড়ির ৮ বছরের মেয়ে আয়ুষী ছেত্রী। শিলিগুড়ির খোলাচাঁদ ফাপরির বাসিন্দা আয়ুষী। তার মৃত্যুর খবর পেয়ে শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করলেন মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার। দিলেন পাশে থাকার আশ্বাস। মেয়রকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতার বাবা-মা।
- ডায়মন্ড হারবার দক্ষিণ কামারপোলের এক বাসিন্দা নিখোঁজ। দার্জিলিঙে হোমস্টের কাজে গিয়েছিলেন নিখোঁজ হিমাদ্রি পুরকাইত (২৫)। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক শামীম আহমেদ।
- বাংলাদেশে গত বছর গণ আন্দোলনে ৬৩ জন শিশু শহিদ হয়েছিল বলে দাবি করলেন বিএনপি নেতা তারেক রহমান। এক সাক্ষাতকারে তিনি পূর্বতন আওয়ামি লিগ সরকারের আমলে তাঁদের পরিবার ও সমর্থকদের ওপর কিভাবে অত্যাচার হয়েছে তার বিশদ বর্ণনা দেন।
- বাংলার উত্তরের বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কথা বললেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তার সঙ্গে। এই বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন। রবিবার এক্স হ্যান্ডেলে উত্তরের বিপর্যয় নিয়ে মর্মাহত হয়ে একটি পোস্ট করেন অমিত শাহ।
- বিপর্যস্ত উত্তরবঙ্গ। নবান্নের কন্ট্রোলরুমের পাশাপাশি এবার দুর্গতদের জন্য ব়্যাপিড অ্যাকশন সেল খোলা হল রাজভবনে। ২৪ ঘণ্টা এখানে যোগাযোগ করা যাবে। এর জন্য রাজভবনের তরফে একটি নম্বর ও ই-মেইল আইডি দেওয়া হয়েছে। একইসঙ্গে মৃতদের পরিজনদের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
- রাজস্থানের জয়পুরে হাসপাতালে ভয়াবহ আগুন। মৃত্যু হল ৮ জন রোগীর। সোমবার ভোরে আগুন লাগে সাোওয়াই মান সিং হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু অধিকাংশ রোগীরই অবস্থা সঙ্কটজনক ছিল, তাই তারা বেরিয়ে আসতে পারেননি। আহত আরও অনেকে।

Be the first to comment