রোজদিন ডেস্ক : ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের নামে অশান্তি ছড়ায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। সেই অশান্তির তদন্ত নিয়ে NIA-এর অনীহায় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, পুজোর আগে ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসন না পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ।ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে প্রতিবাদের নামে প্রচণ্ড অশান্তি হয় সামসেরগঞ্জে। নির্বিচারে বাড়ি, ঘর, দোকান, সম্পত্তি ভাঙচুর হয়। যা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই ঘটনায় NIA-র ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে হাইকোর্টে। বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চের বক্তব্য, হাইকোর্ট এই মামলায় বারেবারে বলার পরেও এনআইএ তদন্ত করতে এগিয়ে আসেনি।
আদালতের পর্যবেক্ষণ, এনআইএ মনে করলে তদন্ত করতে পারে বলে আগেই নির্দেশ ছিল। তারপরেও তা কর্যকর হয়নি। বিচারপতি সেনের বক্তব্য, রাজ্যের তদন্তে অনেক ত্রুটি আছে বলে এখানে অভিযোগ করা হচ্ছে। এনআইএর সাহায্য নেওয়া যেমন হয়নি, তেমন তারাও এগিয়ে আসেনি। রাজ্যের আইনজীবী বলেন, চার্জশিট পেশ হয়েছে। নতুন কোন ঘটনাও ঘটেনি। ১০৯টি কেস রুজু হয়। ক্ষতিপূরণের রিপোর্ট নিয়ে রাজ্য জানায়, আলাদা করে এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। কারণ, ভ্যালুয়েশন জানা সম্ভব হয়নি, তাই দেওয়া হয়নি। আগামী শুনানিতে তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে আদালতে। ২০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

Be the first to comment