রোজদিন ডেস্ক : আগামী তিন মাসের জন্য এনএসসি, এমআইএস, পিপিএফ-সহ বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র। ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ হারেই সুদ মিলবে।
এদিন বিভিন্ন প্রকল্পে সুদের হার ঘোষণা পর দেখা যাচ্ছে, এনএসএস বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৭.৭ শতাংশ, মান্থলি ইনকাম স্কিম বা এমআইএসে ৭.৪ শতাংশ, পাঁচ বছর মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ, পিপিএফে ৭.১ শতাংশই রয়েছে সুদের হার। পাশাপাশি, পোস্ট অফিসে পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে ৬.৭ শতাংশ, ৫ বছরের মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ, তিন বছরের মেয়াদি আমানতে ৭.১ শতাংশ, দু’বছরের মেয়াদি আমানতে ৭ শতাংশ এবং এক বছরের ক্ষেত্রে তা ৬.৯ শতাংশ হারেই সুদ পাবেন সাধারণ গ্রাহকরা। ডাকঘরের সেভিংস অ্যাকাউন্টে আগের মতই ৪ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। এই সুদের হার চালু রয়েছে গত ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে। ২ বছরেও তাতে কোনও পরিবর্তন করা হল না। চলতি আর্থিক বছরে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটও কমিয়েছে। তিন দফা মিলিয়ে তারা ১ শতাংশ রেপো রেট কমিয়েছে। রেপো রেট কমলে, ব্যাঙ্কগুলিও সাধারণত আমানত ও ঋণের উপর সুদের হার কমায়। ইতিমধ্যেই ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। আর্থিক বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল এবার স্বল্প সঞ্চয়ে সুদের হারেও কোপ পড়তে পারে। কিন্তু এই ঘোষণার পর সেই আশঙ্কায় জল ঢেলে দিল কেন্দ্রীয় সরকার। ফলে কিছুটা হলেও স্বস্তিতে মধ্যবিত্ত।

Be the first to comment