রোজদিন ডেস্ক : নতুন বছরের শুরুতেই ফের এসআইআর আতঙ্কে মৃত্যু। ঘটনাস্থল এবার সীমান্তবর্তী বসিরহাটে। এসআইআরের শুনানি ডাক পেয়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় বছর ষাটেকের সুলতান সরদারের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদা গ্রামের ঘটনা।সুলতান সর্দার ওই গ্রামেরই বাসিন্দা। কিন্তু কাগজপত্র ঠিকঠাক ছিল না। ২৭ ডিসেম্বর স্বরূপনগর বিডিও অফিসে শুনানিতে গিয়েছিলেন। তাঁর কাগজপত্রে সমস্যার কথা বলা হয়। সেই থেকে আতঙ্কে ভুগছিলেন। ফেরার পর থেকে মনমরা হয়ে ছিলেন। বুধবার শারীরিক অবস্থার অবনতি হয়। হাইপ্রেসার থেকে বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হন। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কাজের সুবাদে ভিন্ন রাজ্যে ছিলেন। ২০০২ সালে ভোটার লিস্টে সুলতানের নাম ছিল না। সেখান থেকেই আতঙ্ক শুরু। মৃতের স্ত্রী বলছেন, শুনানিতে ডেকে ছিল। তারপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। হামেশাই বলতেন, ছেলেপুলেদের ছেড়ে কি চলে যেতে হবে। আমি বারবার বুঝিয়েছি, কিছু হবে না। কিছুই হল না। দুশ্চিন্তা করে প্রেসার হাই হয়ে গিয়ে আজ সকালে মৃত্যু হল। ছেলে ওসমান সরদারের অভিযোগ, এসআইআরের কারণেই বাবার মৃত্যু হয়েছে।

Be the first to comment