রোজদিন ডেস্ক : ভারত-পাক সংঘর্ষবিরতির একদিন পরই ভারতীয় বায়ুসেনা জানাল যে, এখনও জারি রয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাশাপাশি যাচাই না করে কোনও তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে দেশবাসীকে। রবিবার বায়ুসেনার তরফে এনিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। এই অভিযানের নাম দেওয়া দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। জঙ্গিদমনের উদ্দেশ্যে শুরু হওয়া এই অভিযান যে এখনও চলছে, তা স্পষ্ট করে বায়ুসেনার বিবৃতিতে লেখা হয়েছে, ‘ভারতীয় বায়ুসেনা অপারেশন সিঁদুর-এ নিজেদের নির্ধারিত কাজগুলি সফলভাবে নির্ভুলতা এবং পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছে। জাতীয় উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে অভিযানগুলি বিচক্ষণভাবে পরিচালিত হয়েছিল।’ এরপরই বলা হয়, ‘এই অভিযান এখনও চলছে। যথাসময়ে সেই বিষয়ে একটি বিস্তারিত তথ্য দেওয়া হবে। জল্পনা এবং যাচাই না করা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে আইএএফ।’
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে গত মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু করে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি। তারপর থেকেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। তবে অবশেষে শনিবার সংঘর্ষবিরতিতে রাজি হয় দুই দেশ। কিন্তু তা সত্ত্বেও কয়েক ঘন্টা পরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক সেনা। আন্তর্জাতিক সীমান্ত ও এলওসি বরাবর বেশ কিছু জায়গায় গুলিবর্ষণ করা হয়। এই আবহেই ভারতীয় বায়ুসেনা স্পষ্ট করে দিল সংঘর্ষবিরতি হলেও এখনও চলছে জঙ্গিদমন অভিযান।

Be the first to comment