রোজদিন ডেস্ক : সরকারি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে রবিবার বেঙ্গালুরুতে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এই সফরে কেএসআর স্টেশন থেকে ৩টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন তিনি। এই তিন বন্দে ভারতের গন্তব্য বেলগাভি, অমৃতসর হয়ে বৈষ্ণদেবী ও নাগপুর হয়ে পুণে। এছাড়া ২২ হাজার কোটির প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। যার মাধ্যমে বেঙ্গালুরু মেট্রোর অরেঞ্জ লাইন গঠিত হবে।
এর পাশাপাশি এদিন বেঙ্গালুরুতে দ্বিতীয় পর্যায়ের মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী শিবকুমার ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ইয়োলো লাইনের মেট্রোতে সফর করেন নরেন্দ্র মোদী।
কর্নাটকবাসীর উদ্দেশে বার্তা দিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, “বেঙ্গালুরু দেশের অন্যতম বড় শহর। মেক ইন ইন্ডিয়ায় বেঙ্গালুরুর সহযোগিতা আরও বাড়াতে হবে। আমরা তখনই এগিয়ে যেতে পারব যখন আমাদের শহর ফাস্ট ও মর্ডান হবে।”
তিনি বলেন, “আমি আশা করি কর্নাটকের প্রতিভা আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গিকে নেতৃত্ব দেবে। কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, উভয়ই জনগণের সেবায় নিয়োজিত। আমাদের একসাথে কাজ করতে হবে এবং আমাদের নাগরিকদের উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

Be the first to comment