জনবিক্ষোভে রণক্ষেত্র পাক অধিকৃত কাশ্মীর (POK), নিহত ১২

Spread the love

রোজদিন ডেস্ক : এ যেন নেপাল,  লাদাখের ছায়া। গণবিক্ষোভে উত্তাল  পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK) নিরাপত্তা বাহিনীর গুলিতে মর্মান্তিকভাবে প্রাণ গেল ১২ জনের। সাম্প্রতিককালে ওখানে এত বড় মাপের গণবিক্ষোভ দেখা যায়নি। আমজনতার ৩৮টি দাবি পূরণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে  গণবিক্ষোভ শুরু হয়,  সেনার বাড়াবাড়ি এতে ঘৃতাহুতি দিয়েছে বলে প্রকাশ। সব মিলিয়ে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ।

ভারত পরিস্থিতির ওপর নজর রাখছে বলে প্রকাশ। পাক অধিকৃত কাশ্মীর (POK) নিয়ে আলোচনা হলে তবেই  পাকিস্তানের সঙ্গে কথা বলা যেতে পারে বলে অনেকদিন ধরেই অবস্থানে অটল ভারত।

ওই এলাকায় আমজনতার দারিদ্র্য,  দুর্দশার খবরও অজানা নয়। দীর্ঘদিন ধরেই এই সবের বিরুদ্ধে জনতার ক্ষোভ  ধূমায়িত হচ্ছিল। আজ বিক্ষোভের তৃতীয় দিনে তা চরম রূপ নেয়।

সূত্রের খবর, দাদিয়ালে বিক্ষোভ দমনে সরকার ব্যাপক সংখ্যক সেনা পাঠানোর প্রতিবাদে জনরোষ চরমে ওঠে।  জনতা সেনা সংঘর্ষে উত্তাল হয় ওই এলাকা। মুজাফরাবাদ ছাড়া  রাওলাকোট, নীলম উপত্যকা, কোতলিতেও বিক্ষোভ সংঘর্ষ  ছড়িয়ে পড়েছে।  মুজাফরাবাদ,  ধীরকোট  ও দাদিয়ালে গুলিবিদ্ধ হয়ে ১২ জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। ৩ জন পুলিশ কর্মীও নিহত হয়েছেন বলে জানা যায়। আহতদের সংখ্যা ২০০ জনের বেশি, তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (এএসি)-র নেতৃত্বে এই বিক্ষোভ আন্দোলনে গোটা এলাকায় জীবনযাত্রা এখন স্তব্ধ। তাদের মূল দাবি, পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরী শরণার্থীদের জন্য আইন সভায়  সংরক্ষিত ১২টি আসন তুলে দিতে হবে। এই ছাড়া কর ছাড়, ময়দা ও বিদ্যুতে ভর্তুকি, উন্নয়নমুলক প্রকল্পগুলি রূপায়িত করার জন্যও তাঁরা দাবি জানিয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে বাজার, দোকান, বাণিজ্যিক সংস্থা ইত্যাদির ঝাঁপ বন্ধ। মোবাইল,  ইন্টারনেট, এমনকি ল্যান্ড ফোনও বন্ধ বলে জানা গেছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সব দাবি নিয়ে আলোচনার টেবিলে বসার জন্য আহবান জানিয়েছেন। বিদেশ সফররত  শরিফ শান্তিপূর্ণভাবে এর সমাধান চান বলে জানান।

ইতিমধ্যে United Kashmir People’s National Party (ইউকেপিএনপি) দলের মুখপাত্র নাসির আজিজ খান POK-এর অগ্নিগর্ভ পরিস্থিতিতে হস্তক্ষেপ করার জন্য রাস্ট্র সংঘকে আর্জি জানিয়েছেন। পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লংঘিত হচ্ছে বলেও তিনি গভীর উদ্বেগ ব্যক্ত করেন।

 

ছবি সূত্র : গুগল

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*