পুলিশের মান সহ সার্বিক উন্নয়নে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষরিত রাজ্যে

Spread the love

রোজদিন ডেস্ক  :

রাজ্যে পুলিশের মান, দক্ষতা-সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে  রাষ্ট্রীয়  রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষর করলো রাজ্য। আজ বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য পুলিশকে যাতে কেন্দ্রীয় পুলিশের ওপর নির্ভর করতে না হয় তার জন্য এই উদ্যোগ নেওয়া হলো। প্রাক্তন সরকারকে এক হাত নিয়ে তিনি বলেন, অন্য একাধিক রাজ্য এই সমঝোতাপত্র স্বাক্ষর করলেও এখানে তা হয়নি। উত্তর প্রদেশ, হরিয়ানা, অসম ইত্যাদি রাজ্য তা করেছে। রাজ্যে এই উদ্যোগ অত্যন্ত ভাল, অর্থবহ বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রী বলেন, এক সময় কলকাতা পুলিশের দক্ষতা, কাজ আন্তর্জাতিক স্তরের  সঙ্গে  তুলনা করা হোত। প্রাক্তন রাজ্য সরকার পুলিশের এই দক্ষতাকে কাজে লাগায়নি। রাজ্যে পুলিশের দক্ষতা, আধুনিক প্রযুক্তি, সরঞ্জাম, অস্ত্র শস্ত্র, পরিকাঠামো, মানব শক্তি  ইত্যাদি বৃদ্ধি-র ওপর মুখ্যমন্ত্রী গুরুত্ব দেন। বলেন, অন্য বহু রাজ্যে বা এখানে ভোট সহ বিভিন্ন কাজে আসা  এই রাজ্যেরই আধা সামরিক বাহিনীর সদস্যদের দেখলে অবাক হতে হয়। কি ভাল পরিষেবা দেন তাঁরা৷  রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের  সহায়তায় এখানেও এই ধরনের উন্নত পুলিশি ব্যবস্থা, বাহিনী গড়ে তোলা সম্ভব। এই চুক্তির মাধ্যমে রাজ্যে পুলিশের উচ্চ মানের মূল্যায়ন, নারী সুরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা, সীমান্ত সুরক্ষা, বিচার, অপরাধীদের শাস্তি ইত্যাদি উন্নয়ন হবে বলে মুখ্যমন্ত্রীর আশা।

আজ রাজ্য পুলিশের ডি জি সিদ্ধিনাথ গুপ্তা রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সমঝোতাপত্র স্বাক্ষর করেন। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব সহ পদস্থ আধিকারিক রা এখানে উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*