রোজদিন ডেস্ক, কলকাতা:- ১৮ই জুন থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে । ক্লাস শুরু হবে ১লা আগস্ট। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল উচ্চশিক্ষা দফতর। উচ্চশিক্ষা দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানান হয়েছে ১৭ই জুন অ্যাডমিশন পোর্টাল আনুষ্ঠানিক ভাবে সূচনা করবেন শিক্ষামন্ত্রী।
উচ্চশিক্ষা দফতরের ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- ১৭ জুন আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হবে ভর্তি সংক্রান্ত পোর্টালের। ১৮ জুন দুপুর ২টো থেকে ১ জুলাই পর্যন্ত নাম নথিভুক্তকরণ ও আবেদন জানানো যাবে। ৬ জুলাই মেধাতালিকা ও কলেজভিত্তিক বিভিন্ন কোর্সে কারা সুযোগ পেলেন সেই তালিকা প্রকাশ করা হবে।
৬ -১২ জুলাই যে আসনগুলি বরাদ্দ করা হবে তার উপর নির্ভর করে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ১৭ জুলাই আপগ্রেড রাউন্ডে কলেজ ও কোর্স অনুযায়ী আসন বরাদ্দের তালিকা প্রকাশ করা হবে প্রথম পর্বের। ওই বরাদ্দ আসনে ভর্তি প্রক্রিয়া চলবে ২০ জুলাই পর্যন্ত।২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে সশরীরে ভেরিফিকেশন এবং নথি যাচাইকরণ।
১ অগস্ট থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রথম সিমেস্টারের ক্লাস শুরু হবে ১ অগস্ট থেকে। ক্লাস শুরু হওয়ার পাশাপাশি ২ অগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ের ভর্তির প্রক্রিয়াও শুরু হবে। ২ থেকে ১১ তারিখ পর্যন্ত মপ-আপ পর্যায়ে আবেদন করতে পারবেন নতুন আবেদনকারীরা।

Be the first to comment