রোজদিন ডেস্ক : মধ্যপ্রদেশের খান্ডোয়ায় দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারালেন। নিহতদের মধ্যে ৮ জনই নাবালিকা। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে। পুজোর আনন্দ নিমেষে মুছে গিয়ে চরম বিষাদ নেমে আসে।
সূত্রের খবর, একটি ট্রাক্টর ট্রলিতে চেপে বহু মানুষ খান্ডোয়ার আরডালা বাঁধের কাছে প্রতিমা বিসর্জনে এসেছিলেন। সেখানে তখন বহু মানুষের ভিড়। ট্রাক্টর চালক যানটিকে ব্যাক ওয়াটারের কাছে মাঝামাঝি রাস্তায় রাখেন। যাত্রী ঠাসা যানের চাপ সহ্য করতে না পেরে রাস্তার বেশ কিছু অংশ ভেঙে তা উলটে যায়। উপস্থিত মানুষ জন দ্রুত যাত্রীদের উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। আট নাবালিকা সহ ১১ জন এই দুর্ঘটনায় প্রাণ হারান। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। নিহতদের পরিবার পিছু চার লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি।আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থার কথা বলেন।

Be the first to comment