রোজদিন ডেস্ক : বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি কোন জোটে যাননি, নির্বাচনের পরেও যাবেন না বলে জানিয়ে দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (পি কে)। আজ পাটনায় এক অনুষ্ঠানে দৃঢ়ভাবে এই কথা বলেন তিনি। প্রয়োজনে এই কথা তিনি লিখে দিতেও রাজী আছেন। এনডিএ ও মহাগটবন্ধনের থেকে সমদূরত্ব বজায় রাখা পি
কে-র জন সূরজ পার্টি কত আসন পাওয়ার আশা করছেন প্রশ্নে তিনি বলেন, হয় তাঁরা দশটি আসনের কম পাবেন, নয় দেড়শো আসনের বেশি পাবেন। তবে জনতা যে রায়ই দিক, তাঁরা নিজেদের কাজ করে যাবেন। নাম না করে বিজেপিকে ঠুকে পি কে বলেন, সরকার গড়তে বিধায়ক কম পড়লে যেন বেচাকেনা না হয়। গেরুয়া শিবির যেখানেই কম আসন পেয়েছে, অন্য দলের জনপ্রতিনিধি ভাঙিয়ে সরকার গড়ার ইঙ্গিত করেন।
এবার নির্বাচনে তিনি নিজে দাঁড়াননি, দলের অন্যদের জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই, বিহারকে বদলে দেওয়া।
দিল্লিতে দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে পরাজিত করে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতায় আসা নিয়ে প্রশ্নে পি কে বলেন, তিনি ও কেজরিওয়াল সম্পুর্ন আলাদা। তাঁদের রাজনীতিও আলাদা। শীলা দীক্ষিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, বিহারের মুখ্যমন্ত্রী এবারের ভোটে দাঁড়াননি, তিনি (পি কে) যদি তেজস্বী যাদবের বিরুদ্ধে প্রার্থী হতেন, অনেকে বলত একজন ব্যাকওয়ার্ড নেতার সঙ্গে তিনি লড়তে নেমেছেন!

Be the first to comment