রোজদিন ডেস্ক :
হাওড়ার শিবপুরে আজ এক অভিজাত আবাসনে গৃহবধূর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। তাঁর গলায় গুলি লেগেছে। অভিজাত এই আবাসনের পনের তলায় স্বামী গোপাল যাদবের সঙ্গে থাকেন পুনম যাদব। আছে এক শিশু সন্তানও। আজ সকাল দশটার কিছু পরে আবাসনের এক বাসিন্দা গুলির আওয়াজ পান। এর উৎস খুঁজতে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পুনম মাটিতে পড়ে আছেন। চটজলদি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশে।
এই ঘটনায় আবাসনে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দেয়। পুলিশ এসে ঘটনা স্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে পিস্তলটি আহত যুবতীর স্বামী গোপাল যাদবের। তাঁকে পুলিশ আটক করেছে। তবে পুনম নিজেই গুলি চালিয়েছেন নাকি তাঁর স্বামী, তা এখনও পরিস্কার নয়। স্থানীয় সূত্রে প্রকাশ, এই তরুণ দম্পতির কোন মনোমালিন্য বা নিজেদের ভিতর সমস্যা ছিল কিনা তাঁদের জানা নেই। বাইরের কেউ এসে গুলি চালাতে পারে এমন আশংকা ও করছেন অনেকে। পুলিশ আবাসনের সিসিটিভি সহ সব কিছু খতিয়ে দেখছে।

Be the first to comment