রোজদিন ডেস্ক :
পঞ্জাবের সাংগ্রুর এর ভাতিন্ডা – চন্ডীগড় জাতীয় সড়কে আজ ভোরে এক বাস দুর্ঘটনায় তিন জন নিহত ও ছাব্বিশ জন আহত হন। তাঁদের মধ্যে পনের জনের অবস্থা গুরুতর। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাসভবনের কাছে আচমকা একটি উড়াল পুলে ধাক্কা খেয়ে কাছের ঝোপের মধ্যে গিয়ে পড়ে।
সূত্রের খবর, আজ ভোরে বাসটি সাংগ্রুর থেকে চন্ডীগড়ের দিকে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পরই এই দুর্ঘটনা হয়। এর ফলে দুই মহিলা-সহ তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি প্রচন্ড গতিতে চলায় এই দুর্ঘটনা হয় বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। ড্রিমল্যান্ড কলোনি পেরিয়ে মস্তুয়ানা সাহিবের কাছে বাসটি একটি উড়ালপুলের দেওয়ালে ধাক্কা দিয়ে তীব্র বেগে এক ঝোপের মধ্যে গিয়ে পড়ে।
যাত্রীদের আর্ত চিৎকারে ভোরের বাতাস ভরে যায়। পুলিশ, উদ্ধারকারী দল আসে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গভীর শোক ব্যক্ত করেন। আহতদের বিনা ব্যয়ে সুচিকিৎসার জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
ভাই ফোঁটার সকালে এই মর্মন্তুদ দুর্ঘটনায় সসংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment