রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে মস্কো সফরে আছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেখান থেকেই তিনি জানিয়েছেন, শীঘ্রই পুতিন ভারত সফরে আসবেন বলে আশা করা হচ্ছে। চলতি বছরের শেষের দিকে এই সফর হতে পারে। তবে পুতিনের ভারত সফরের নির্দিষ্ট কোনও তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
এ দিন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকের পরে অজিত ডোভাল জানান, পুতিনের এই আসন্ন সফর নিয়ে নয়াদিল্লি ‘উত্তেজিত এবং আনন্দিত’। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে, এই প্রথম ভারত সফর করবেন পুতিন।
রাজনৈতিক দিক থেকে পুতিনের আসন্ন ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লির এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য উত্তেজনা ক্রমে বাড়ছে। বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় রপ্তানি পণ্যের উপরে অতিরিক্ত ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছেন।

Be the first to comment