রোজদিন ডেস্ক :
গত ২০ জুলাই দিল্লিতে পড়ুয়াদের ওপর পুলিশি আক্রমণের এফআইআর নেওয়ার দাবিতে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) আজ পার্লামেন্ট স্ট্রীট থানায় ধর্ণায় বসেছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে পড়ুয়াদের আন্দোলনে ওইদিন দিল্লি পুলিশ ব্যাপক হামলা করার অভিযোগে দেশব্যাপী তোলপাড় উঠেছিল। ওইদিন ছররা গুলিতে আহত সাহিল লোছাব কে নিয়ে আজ রাহুল গান্ধী ওই থানায় যান। এর আগে তিনি পুলিশি হামলা নথিবদ্ধ করার দাবিতে মন্দির মার্গ থানায়ও যান। পুলিশ তা নিতে অস্বীকার করলে রাহুল গান্ধী প্রথমে ডিসিপির (সেন্ট্রাল) সঙ্গে ও পরে পার্লামেন্ট স্ট্রীট থানায় গিয়ে পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করার দাবি জানান। যতক্ষণ তা নথিবদ্ধ না করা হবে তিনি অবস্থান, ধর্ণা করবেন বলে রাহুল গান্ধী জানিয়ে দেন।

তাঁর অভিযোগ, ২০ জুলাই সংসদ চলো অভিযানে র্যাফ ছররা গুলি ছুঁড়ে ছিল। দিল্লি পুলিশ তা অস্বীকার করেছে, সিআরপিএফ এই বিষয়ে নীরব।
রাহুল গান্ধী এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-কে প্রথম থেকেই দায়ী করেছেন। তিনি এই আক্রমণের নির্দেশ দেন বলে তাঁর দাবি। আজ কালো চশমা পরা (ছররা গুলিতে আহত) সাহিল লোছাব সহ ওইদিনের ঘটনায় আহত পড়ুয়া, তরুণদের নিয়ে থানার সামনে ধর্ণা দিচ্ছেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধী-সহ কংগ্রেস নেতা, কর্মীরা তাঁর সঙ্গে এই কর্মসূচিতে আছেন।

Be the first to comment