রোজদিন ডেস্ক : কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী সোমবার তাঁদের শীর্ষ আদালত অভিযানে সবাইকে শামিল হওয়ার আহবান জানিয়েছেন। দেশে গণতন্ত্র, সংবিধান রক্ষায় বিশ্বাসী সবাই এই অভিযানে যোগ দেবেন বলে তিনি জানান। রবিবার হাতে সংবিধান নিয়ে এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, তাঁরা ভালবাসার পক্ষে, বিদ্বেষের বিরুদ্ধে। সোমবার সারা ভারত শীর্ষ আদালত পর্যন্ত হাঁটবে বলে তিনি জানান।
কিছুটা আবেগের সঙ্গে বলেন,সোমবার তাঁরা শীর্ষ আদালতের দিকে হেঁটে যাবেন। দল, মত, সম্প্রদায়, লিঙ্গ, জাতি, রাজ্যের ভেদাভেদ সরিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে হাঁটবেন। সব বিরোধী দল, যুব সম্প্রদায়, বিভিন্ন নাগরিক সংগঠন, যাঁরা দেশের গণতন্ত্র, সংবিধানের ওপর বিশ্বাস রাখেন, তাঁরা সবাই শামিল হবেন। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তকে তাঁরা মূলত তিনটি দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেবেন। ভোটচুরি বন্ধ, এস আই আর প্রক্রিয়া স্থগিত এবং অবশ্য ই জ্ঞানেশ কুমারের অপসারণ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও আর এস এস প্রধান মোহন ভাগবত কে নিশানা করে রাহুল গান্ধী বলেন , ওঁরা ভারতের কন্ঠ রুদ্ধ করতে পারবেন না।
শনিবার সি জে পি র শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি তে পুলিশের দমন পীড়নের সমালোচনা করে সমাজ মাধ্যমে রাহুল গান্ধী বলেন, হৃদয়ে ভালবাসা নিয়ে ওঁরা এসেছিলেন, ঘৃণা, হিংসা নিয়ে নয়। পুলিশ, বিজেপির গুন্ডারা ওঁদের মারধর করে, তাঁরা যে ভারতবর্ষ চান, এটা তা নয়।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বামপন্থী রা সহ ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা ওই পদযাত্রায় অংশ নেবেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কলকাতায় এক ভিডিও বার্তায় রাহুল গান্ধীর আহবানে সবাইকে শামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন।
দিল্লিতে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, সোমবার বিকেল চারটে থেকে পাঁচটা র মধ্যে তাঁরা শীর্ষ আদালতের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন। এর আগে রাষ্ট্র পতির কাছে ইন্ডিয়া জোটের যে প্রতিনিধিরা গেছিলেন, তাঁরা ই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন বলে সূত্রের খবর।
সোমবার বিরোধীদের এই পদযাত্রা উপলক্ষে দিল্লিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Be the first to comment